জাতীয়
ছবি: সংগৃহীত

হামের সংক্রমণ ঠেকাতে ৩০ উপজেলায় বিশেষ টিকাদান শুরু হবে কাল।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে হামের সংক্রমণ বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রথম ধাপে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় শিশুদের অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১২ লাখের বেশি শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলাগুলোর তালিকা চূড়ান্ত করা হয়েছে, যদিও আলোচনার ভিত্তিতে আরও কয়েকটি এলাকা যুক্ত হতে পারে।

এ বিষয়ে টিকাবিষয়ক কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরেও উচ্চপর্যায়ের আলোচনা চলছে। এসব বৈঠকে কর্মসূচির পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনায় আসতে পারে।

নির্বাচিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে উপকূলীয় ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা, যেখানে সংক্রমণের হার তুলনামূলক বেশি বলে ধারণা করা হচ্ছে।

৩০ উপজেলা হচ্ছে—বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান নিশ্চিত করা গেলে শিশুদের মধ্যে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

মতামত দিন