মাইকিং নিয়ে দ্বন্দ্ব, ফরিদপুরের ভাঙ্গায় চার গ্রামের সংঘর্ষে শতাধিক আহত।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে চার গ্রামের মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই উত্তেজনা শনিবার সকালেও নতুন করে সহিংস রূপ নেয়।
ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে। মুনসুরাবাদ গ্রামের এক কিশোর খেলাধুলার প্রচারণায় মাইকিং করতে গেলে পাশের খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কিছু যুবকের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। পরে তাকে মারধরের অভিযোগ উঠলে বিষয়টি দ্রুত বড় আকার ধারণ করে।
শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে প্রথম দফায় দীর্ঘ সময় ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। রাতের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও শনিবার সকাল থেকে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকশ মানুষ লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে একে অপরের মুখোমুখি অবস্থান নেয়। মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বেশ কিছু দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
এই সহিংসতায় পুলিশ সদস্য ও সংবাদকর্মীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।
বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ অংশে যান চলাচল ব্যাহত হচ্ছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও কয়েক হাজার মানুষের সংঘর্ষের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

মতামত দিন