চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায়,ফেনীতে ছাত্রদল নেতার বাড়িতে আগুন।
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এক ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে উত্তর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মোহাম্মদ সাইফুদ্দিন শিবলু স্থানীয় একটি মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি। জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও মাটি ব্যবসা চালিয়ে আসছিল। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব ছিলেন শিবলু, যার জের ধরেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
স্থানীয়দের মতে, একদল দুর্বৃত্ত সন্ধ্যায় শিবলুর বাড়িতে হামলা চালিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
শিবলু অভিযোগ করেন, আগে থেকেই তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়েছিল। একই দিনে তার ভাইকেও মারধর করা হয় বলে তিনি জানান। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে, স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাটিকে নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, একটি চক্র দলের নাম ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করছে এবং সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন