ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে একদিনেই দেশে আসছে ৬১ হাজার টন জ্বালানি তেল।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের জ্বালানি সরবরাহ সচল রাখতে চট্টগ্রাম বন্দরে বড় পরিসরে ডিজেল আমদানি শুরু হয়েছে। শুক্রবার ভোরে সিঙ্গাপুর থেকে প্রায় ২৭ হাজার টন ডিজেল নিয়ে একটি বিদেশি জাহাজ বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, একই দিনে রাতের মধ্যে মালয়েশিয়া থেকে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে, যা নিয়ে আসবে অতিরিক্ত ৩৪ হাজার টন ডিজেল। ফলে একদিনেই মোট ৬১ হাজার টনের বেশি জ্বালানি দেশে প্রবেশ করবে।

বর্তমানে আগত জাহাজটি ডলফিন জেটিতে ভেড়ানোর অপেক্ষায় রয়েছে। বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত খালাসের জন্য এটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

গত মার্চ মাসেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি পরিবহন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ওই মাসে মোট ৩০টির বেশি জ্বালানিবাহী জাহাজ বন্দরে আসে, যার মধ্যে তেল, এলএনজি ও এলপিজি বহনকারী জাহাজ ছিল। বিশেষ করে রান্নার গ্যাস আমদানির পরিমাণও ছিল উল্লেখযোগ্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন করে আসা এই বড় চালান কৃষি মৌসুমে সেচ কার্যক্রম ও শিল্প খাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে আরও জাহাজ আসার সময়সূচিও রয়েছে বলে জানা গেছে।

মতামত দিন