আবহাওয়া
ছবি: সংগৃহীত

এপ্রিলজুড়ে তাপদাহের শঙ্কা, গরমে অতিষ্ঠ দেশ আরও বাড়তে পারে তাপপ্রবাহ।

নিজেস্ব প্রতিবেদক:

চৈত্রের শেষভাগে এসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্তমানে অন্তত ২২টি জেলার ওপর দিয়ে গরমের দাপট চলছে, যার ফলে ভ্যাপসা আবহাওয়া মানুষের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, এই পরিস্থিতি হঠাৎ কমার সম্ভাবনা নেই। বরং পুরো এপ্রিল মাস জুড়েই কয়েক দফা তাপপ্রবাহ আঘাত হানতে পারে। এর মধ্যে কোনো কোনো সময়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, যা তীব্র তাপদাহ হিসেবে বিবেচিত।

দীর্ঘমেয়াদি বিশ্লেষণে জানা গেছে, মাসজুড়ে একাধিকবার মৃদু থেকে মাঝারি ধরনের গরমের ঢেউ বইতে পারে। পাশাপাশি এক বা দুইবার তীব্র তাপপ্রবাহ দেখা দেওয়ার আশঙ্কাও রয়েছে।

শুধু গরমই নয়, আবহাওয়ার আরেকটি দিক নিয়েও সতর্ক করা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এদিকে, কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। মাসের বিভিন্ন সময়ে দেশের নানা স্থানে বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া এমনকি শিলাবৃষ্টির ঘটনাও ঘটতে পারে।

মতামত দিন