আমদানিকারকদের বড় সুবিধা দিল কুয়েত সরকার।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েত সরকার বাজারে খাদ্য সরবরাহ সচল রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী ওসামা বুদাই এক সরকারি আদেশে জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে আমদানিতে যে অতিরিক্ত ব্যয় হচ্ছে, তা সরকার বহন করবে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানপথে পণ্য পরিবহন ব্যাহত হলে আমদানিকারকদের বিকল্প পথ ব্যবহার করতে হয়, যা তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল। এই অতিরিক্ত খরচ সরকারই ভর্তুকি হিসেবে দেবে।
এই পদক্ষেপ মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য প্রযোজ্য। এর মধ্যে রয়েছে চাল, আটা, ডাল, চিনি, ভোজ্যতেল, হিমায়িত মুরগি, টমেটো পেস্ট, শিশু খাদ্য, গুঁড়ো দুধ, বোতলজাত পানি এবং বিভিন্ন ক্যানজাত খাদ্য। প্রয়োজনে বাজার পরিস্থিতি অনুযায়ী তালিকায় আরও পণ্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও মন্ত্রীর হাতে রাখা হয়েছে।
কুয়েত সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো খাদ্য ঘাটতি ও মূল্যস্ফীতি প্রতিরোধ করা, যাতে নাগরিকরা নিরাপদ ও স্থিতিশীলভাবে খাদ্য পণ্য পান।
মতামত দিন