জাতীয়
ছবি: সংগৃহীত

রায়পুরে বিদ্যালয়ের ছাদ ধসে আহত ৩ শিক্ষার্থী।

নিজেস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ ছাদের পলেস্তরা ও বিম ভেঙে পড়ায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে।

আহতদের মধ্যে রয়েছেন ঋতু বণিক, নাদিয়া আক্তার ও সামিয়া আক্তার। আহত শিক্ষার্থীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালীন ছাদের অংশ ধসে পড়ায় তীব্র শব্দ হয়। আতঙ্কিত শিক্ষার্থীরা তখন দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। বিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধসের সময় শিক্ষার্থীদের দৌড়ঝাপের দৃশ্যও ধরা পড়ে।

আহত শিক্ষার্থীরা বলেন, ভবনটি দীর্ঘদিনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। নিরাপদ শ্রেণিকক্ষ না থাকায় নিয়মিত পাঠদানও ঝুঁকির মধ্যে হয়ে উঠেছে। তারা আরও বলেন, দ্রুত সংস্কার বা নতুন ভবন না হলে আরও বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা বলেন, “অপ্রত্যাশিত এই ঘটনার কারণে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।” প্রধান শিক্ষক মো. সেলিম যোগ করেন, “বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছিল। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু এখনও কোনো কার্যকর সমাধান হয়নি।”

রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, “ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়ে আমাদেরকে পূর্বেই অবহিত করা হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হলেও বরাদ্দ না থাকায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।”

মতামত দিন