ইরানের ড্রোন হামলায় অ্যামাজনের ক্লাউড ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের একটি ড্রোন হামলায় বাহরাইনে অ্যামাজনের ক্লাউড ডেটা সেন্টারে ক্ষতি হয়েছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
একই দিনে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি প্রতিষ্ঠানে আগুন লেগেছে এবং দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কোন প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তারা বিস্তারিত জানায়নি। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এটিকে ইরানের হামলা বলে উল্লেখ করেছে।
হামলার খবর প্রকাশের ঠিক আগের দিন ইরানের বিপ্লবী গার্ড মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন বড় প্রযুক্তি কোম্পানিকে হুমকি দিয়েছিল। সম্ভাব্য লক্ষ্য হিসেবে মাইক্রোসফট, গুগল এবং অ্যাপেলের নাম উল্লেখ করা হয়েছিল। হুমকিটি ইরানের ওপর হামলার প্রতিশোধ হিসেবে দেওয়া হয়েছিল।
হামলার বিষয়ে জানতে চাইলে অ্যামাজন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
গত সপ্তাহেও অ্যামাজন জানিয়েছিল, চলমান সংঘাতের কারণে বাহরাইনে তাদের ক্লাউড সেবা প্রভাবিত হয়েছে। এক মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো এমন সমস্যা দেখা দিল।
অ্যামাজনের এই ক্লাউড সেবা বিশ্বের বহু ওয়েবসাইট ও সরকারি কার্যক্রম চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি কোম্পানির প্রধান আয়ের উৎস হিসেবেও বিবেচিত।
মতামত দিন