আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

স্থল হামলা চালালে কেউ বাঁচবে না: ইরানের সেনাপ্রধানের সতর্কবার্তা

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের সেনাপ্রধান আমির হাতামি দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ তাদের মিত্রদের সামরিক তৎপরতার ওপর সবসময় কড়া নজর রাখতে। তিনি বলেন, শত্রুপক্ষ যদি স্থল পথে হামলা চালানোর চেষ্টা করে, তাহলে তাদের কাউকেই ছাড় দেওয়া যাবে না।

এছাড়া শত্রুদের সেনারা স্থল হামলা চালাতে এলে একজনকেও যেন বাঁচিয়ে না রাখা হয় সেই নির্দেশনাও দিয়েছেন তিনি। 

এক ভিডিও বার্তায় তাকে সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এসব কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি জোর দিয়ে বলেন, শত্রুর প্রতিটি পদক্ষেপ বুঝে আগেভাগেই প্রস্তুতি নিতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সতর্কবার্তারও জবাব দিয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্প ইরানকে অল্প সময়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেন, তা না হলে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঝুঁকি রয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একই ধরনের যুদ্ধ-আলোচনা-সংঘাতের পুনরাবৃত্তি তারা আর মেনে নেবে না। তাদের মতে, এই পরিস্থিতি শুধু ইরান নয়, পুরো অঞ্চলকে বড় ধরনের সংকটে ফেলতে পারে।

ইরান আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আক্রমণ চালায়, তাহলে তার জবাবও শক্তভাবে দেওয়া হবে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে এবং বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে।

মতামত দিন