ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থতার পথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত ঘিরে একটি বিশেষ বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সির কৌশলগত গবেষণা কেন্দ্র।
প্রতিবেদনটিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রায় ৮০টি প্রধান থিঙ্ক ট্যাংকের গত এক মাসের প্রকাশিত গবেষণা ও মূল্যায়ন বিশ্লেষণ করা হয়েছে।
বিশ্লেষণে বলা হয়, সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত দিক থেকে পশ্চিমা জোট কিছু নির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারলেও সামগ্রিক কৌশলগত উদ্দেশ্য পূরণে তারা ব্যর্থ হয়েছে। বিশেষ করে ইরানের রাজনৈতিক কাঠামো দুর্বল করা বা প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার লক্ষ্য বাস্তবায়িত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ইরান পরিস্থিতিকে একটি অসম যুদ্ধ হিসেবে পরিচালনা করে ধীরে ধীরে কৌশলগত নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বলে দাবি করা হয়। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনাকেও এই সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংঘাতটি এখন ধীরে ধীরে দীর্ঘমেয়াদি ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপ নিচ্ছে, যেখানে সময়ের সঙ্গে ইরান তুলনামূলক সুবিধাজনক অবস্থানে যাচ্ছে বলে বিশ্লেষকদের মতামত উঠে এসেছে।
তাসনিমের বিশ্লেষণ অনুযায়ী, এই পরিস্থিতি থেকে বের হতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে সীমিত বিকল্প রয়েছে—হয় রাজনৈতিকভাবে একটি “সমাপ্তি” দেখিয়ে সংঘাত থেকে সরে আসা, অথবা দ্রুত যুদ্ধ শেষ করার পথে যাওয়া।
প্রতিবেদনটি ব্রুকিংস ইনস্টিটিউশন, চ্যাথাম হাউস, র্যান্ড কর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপসহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য-উপাত্ত পর্যালোচনার ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।
সব মিলিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান এই সংঘাতে শক্তির ভারসাম্যে পরিবর্তন ঘটছে এবং ইরান তার কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিচ্ছে।
সূত্র: তাসনিম নিউজ

মতামত দিন