বুরুন্ডিতে সামরিক ঘাঁটির বিস্ফোরণ, নিহত ১৩।
বুরুন্ডিতে একটি সামরিক ঘাঁটির গোলাবারুদ ডিপোতে শক্তিশালী বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গভীর রাতে, রাজধানী বুজুম্বুরার মুসাগা এলাকায়। সেখানে দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান গোলাবারুদ মজুতাগারে হঠাৎ আগুন লাগে, পরে তা ভয়াবহ বিস্ফোরণে রূপ নেয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ডিপোতে থাকা গোলাবারুদ একের পর এক বিস্ফোরিত হয়, যা পুরো এলাকা কেঁপে ওঠে।
এ ঘটনায় আশপাশের বহু ঘরবাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়।
পানি সংকটের কারণে উদ্ধার ও আগুন নেভানোর কাজে বাধার মুখে পড়ে দমকল বাহিনী। দুর্ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মতামত দিন