জাতীয়
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে লাইনচ্যুত তেলবাহী ট্রেন থেকে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের মাধবপুরে দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেন থেকে প্রায় ১ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলা অভিযানে ৫৫ বিজিবির সদস্যরা ট্রেনটির বিভিন্ন বগি থেকে জ্বালানি সংগ্রহ করে সংরক্ষণ করেন।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, নিজেদের উদ্যোগে ড্রাম ও জারকিন সংগ্রহ করে তেল উদ্ধার করা হয়। এতে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি ঘটনাস্থলে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়েছে।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাধবপুর উপজেলার মনতলায় সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় পাঁচটি ওয়াগনসহ মোট ছয়টি বগি লাইন থেকে ছিটকে পড়ে, যার মধ্যে একটি খালে গিয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই দুটি ওয়াগন থেকে জ্বালানি বের হতে শুরু করলে স্থানীয়রা তা সংগ্রহ করতে থাকেন। এতে ঘটনাস্থলে ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পরবর্তীতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। রেলওয়ের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

পরে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হলে তারা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাড়ি বাড়ি অভিযান চালিয়ে আরও কিছু তেল উদ্ধার করে। সব মিলিয়ে দুর্ঘটনাকবলিত বগিগুলো থেকে প্রায় ১ হাজার লিটার ডিজেল সংগ্রহ করা সম্ভব হয়।

মতামত দিন