জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু।
বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার। এর অংশ হিসেবে আগামী ১৫ এপ্রিল থেকে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানগুলোতে বাসা থেকে কাজ করার ব্যবস্থা চালু করা হচ্ছে।
বুধবার রাতে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, মন্ত্রিসভার অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। দেশের সব মন্ত্রণালয়, সংবিধিবদ্ধ সংস্থা ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো এতে অন্তর্ভুক্ত থাকবে।
সরকারের এই পদক্ষেপ মূলত জ্বালানি ব্যয় কমানো এবং অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতির সম্ভাব্য প্রভাব মোকাবিলার কৌশল হিসেবে নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় অপচয় পরিহার করে সংযমী জীবনযাপন জরুরি।
জনগণের ওপর চাপ কমাতে সরকারি ব্যয় কমানোর পাশাপাশি বিত্তবানদের সমাজের নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
এদিকে জ্বালানি খাতে কিছু সহায়তামূলক পদক্ষেপও ঘোষণা করা হয়েছে। ‘বুদি মাদানি ৯৫’ কর্মসূচির আওতায় জ্বালানি তেলের মাসিক বরাদ্দ বাড়িয়ে ২০০ লিটার করা হয়েছে। পাশাপাশি সাবাহ, সারাওয়াক ও লাবুয়ানে ভর্তুকিযুক্ত ডিজেল সরবরাহের ব্যবস্থাও চালু করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও পাল্টাপাল্টি হামলার জেরে তৈরি হওয়া বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।
বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরে সচেতনভাবে চলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

মতামত দিন