সিলেট বিভাগের সব পাম্প বন্ধ, স্থবির পরিবহন ব্যবস্থা।
প্রশাসনের অভিযান ও জরিমানার প্রতিবাদে সিলেট বিভাগজুড়ে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন মালিকরা। এর ফলে হঠাৎ করেই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
বুধবার দিবাগত রাত ১২টা থেকে এই কর্মসূচি কার্যকর হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মধ্যরাত থেকেই বিভাগের সব পাম্পে তেল ও গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে, যা সাধারণ মানুষের চলাচলে বড় ধরনের বিঘ্ন তৈরি করেছে।
সিলেট পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে জরিমানা এবং বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা এই অবস্থান নিয়েছেন।
সমিতির মুখপাত্র রিয়াসাদ আজিম আদনান জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। তাদের অভিযোগ, পাম্পগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্যাগ অফিসার বসানোসহ নানা উপায়ে হয়রানি করা হচ্ছে।
হঠাৎ এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন পরিবহন চালক ও যাত্রীরা, বিশেষ করে যারা রাতের বেলায় বা ভোরে যাতায়াত করেন।
মতামত দিন