অর্থনীতি
ছবি: সংগৃহীত

ডিজিটাল ফুয়েল পাসে তেল নেওয়ার নিয়ম, লাগবে যেসব বৈধ কাগজপত্র।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে নতুন কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। এখন থেকে বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহনকে পেট্রল পাম্প থেকে জ্বালানি সরবরাহ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনে তেল নিতে হলে মালিকের নামে রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট এবং প্রয়োজন অনুযায়ী ফিটনেস ও রুট পারমিট দেখাতে হবে।

একই সঙ্গে জ্বালানি ব্যবস্থাপনায় ডিজিটাল নিয়ন্ত্রণ আনতে ‘ফুয়েল পাস’ নামে কিউআর কোডভিত্তিক একটি ব্যবস্থা চালুর প্রস্তুতিও চলছে। চলতি মাসেই কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে এটি চালু হতে পারে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রতিটি নিবন্ধিত যানবাহনের জন্য একটি করে কিউআর কোড তৈরি করা হবে। ব্যবহারকারীকে অ্যাপে তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে, এরপর সেই কোড ব্যবহার করেই তেল সংগ্রহ করা যাবে।

ফিলিং স্টেশনে গিয়ে কর্মীরা মোবাইল ফোনের মাধ্যমে কোড স্ক্যান করলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ হবে। এতে কতটুকু জ্বালানি নেওয়া হচ্ছে, সেটিও রেকর্ড থাকবে।

সরকারের লক্ষ্য হলো জ্বালানি ব্যবস্থায় স্বচ্ছতা আনা, অতিরিক্ত তেল মজুতের প্রবণতা কমানো এবং পাম্পে ভিড় নিয়ন্ত্রণ করা। নির্দিষ্ট সময় ও সীমার মধ্যে জ্বালানি ব্যবহারের বিষয়টিও এই ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

প্রথম ধাপে মোটরসাইকেলকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, কারণ এই শ্রেণির যানবাহন থেকেই পেট্রল ও অকটেনের বড় অংশ ব্যবহৃত হয় এবং পাম্পগুলোতে সবচেয়ে বেশি চাপ তৈরি হয়।

এর আগে কিছু জেলায় ম্যানুয়াল ফুয়েল কার্ড ব্যবস্থাও চালু করা হয়েছিল পরীক্ষামূলকভাবে। সেখানে প্রতিটি লেনদেন নথিভুক্ত করার মাধ্যমে জ্বালানি ব্যবহারের হিসাব রাখা হচ্ছিল।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে সীমিত পরিসরে পরীক্ষা চালানো হবে, এরপর ধাপে ধাপে সারাদেশে এই ডিজিটাল ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

মতামত দিন