আবহাওয়া
ছবি: সংগৃহীত

তিন দিন ঝড়-বৃষ্টির আভাস, কোথাও কোথাও শিলাবৃষ্টির শঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের আবহাওয়ায় ফের অস্থিরতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া স্বাভাবিক লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এই লঘুচাপের কারণে আবহাওয়ার ধরনে পরিবর্তন আসতে পারে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

প্রথম ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

এরপর বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে বড় ধরনের পরিবর্তন না হলেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা এই সময়ে ধীরে ধীরে বাড়তে পারে।

শনিবারে এসে আবহাওয়া কিছুটা স্থিতিশীল হওয়ার ইঙ্গিত রয়েছে। ওইদিন অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার আবারও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস রয়েছে। তবে সার্বিকভাবে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন ছাড়াই প্রায় একই অবস্থায় থাকতে পারে।

মতামত দিন