‘হিটলারের প্রশংসা’ অভিযোগে আজহারীর অস্ট্রেলিয়া ভিসা বাতিল।
বাংলাদেশের আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়া সফর হঠাৎ করেই থেমে গেছে। দেশটির সরকার তার ভিসা বাতিল করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
প্রতিবেদন অনুযায়ী, ইস্টার উপলক্ষে ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক একটি ধারাবাহিক বক্তৃতা দিতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন আজহারী। তার সফরসূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় অনুষ্ঠান ছিল।
তবে মঙ্গলবার হঠাৎ করেই তার ভিসা বাতিল করা হয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ছাড়ার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, আজহারীর কিছু বক্তব্যকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি তার এক বক্তব্যে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন।
এছাড়া ইহুদিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, এমনকি বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যার জন্য তাদের দায়ী করার অভিযোগও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
এদিকে, অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারীর সফর নিয়ে আগেই উদ্বেগ জানানো হয়েছিল। বিভিন্ন সংগঠন সংসদ সদস্যদের এ বিষয়ে সতর্ক করেছিল বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, আজহারীর অনলাইন প্ল্যাটফর্মে বিপুল অনুসারী রয়েছে এবং তিনি এশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নিয়মিত বক্তৃতা দিয়ে থাকেন।‘হিটলারের প্রশংসা’ অভিযোগে আজহারীর ভিসা বাতিল

মতামত দিন