ফুয়েল ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, চালু হচ্ছে ডিজিটাল ‘ফুয়েল পাস’
দেশে জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় বড় ধরনের ডিজিটাল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে, যা আগামী এপ্রিল থেকে কার্যকর হতে পারে।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে জ্বালানি তেল সংগ্রহ ও বিতরণ আরও নিয়ন্ত্রিত করা হবে। শুরুতে মোটরসাইকেলকে লক্ষ্য করে মোবাইল অ্যাপভিত্তিক এই সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে।
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, পরীক্ষামূলকভাবে শিগগিরই কয়েকটি নির্দিষ্ট স্থানে এই পদ্ধতি চালু করা হবে। এতে নিবন্ধিত যানবাহন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত পরিমাণ জ্বালানি নিতে পারবে।
জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে অ্যাপভিত্তিক এই সিস্টেমের উন্নয়ন কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই সীমিত পরিসরে কয়েকটি স্থানে পরীক্ষামূলকভাবে এটি চালু করার পরিকল্পনা আছে বলে তিনি উল্লেখ করেন।
তার ভাষায়, একসঙ্গে সারা দেশে এই ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়ন করা বাস্তবসম্মত নয়। তাই ধাপে ধাপে নির্দিষ্ট কিছু যানবাহনকে অন্তর্ভুক্ত করে প্রকল্পটি এগিয়ে নেওয়া হবে।
এদিকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে দেশের কয়েকটি জেলায় জ্বালানি তেল বিক্রিতে নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ম্যানুয়াল ফুয়েল কার্ড চালু করা হয়েছে সাতক্ষীরা, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে।
এই জেলাগুলোতে পেট্রল ও অকটেন সংগ্রহের ক্ষেত্রে ফুয়েল কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে সাতক্ষীরায় মোটরসাইকেল চালকদের জেলা প্রশাসনের অনুমোদিত কার্ড দেখাতে হচ্ছে, যেখানে যানবাহন ও মালিকের তথ্য সংরক্ষিত থাকে এবং জ্বালানি গ্রহণের পরিমাণও লিপিবদ্ধ করা হয়।

মতামত দিন