অর্থনীতি
ছবি: সংগৃহীত

স্বর্ণবাজারে অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিতে দাম উঠছে সর্বোচ্চের কাছাকাছি।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বৈশ্বিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন—ফলে বাড়ছে স্বর্ণের চাহিদা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। এই সম্ভাবনার ইঙ্গিতেই বৈশ্বিক আর্থিক বাজারে নতুন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৫ দশমিক ৭৯ ডলারে। দিনের শুরুতে দাম আরও বেড়ে ৪ হাজার ৭২৩ দশমিক ২১ ডলারে পৌঁছায়, যা গত ২০ মার্চের পর সর্বোচ্চ।

একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৭১৩ দশমিক ৪০ ডলারে ওঠে।

বিশ্লেষকদের মতে, ডলারের মান শূন্য দশমিক ২ শতাংশ কমে যাওয়ায় অন্যান্য মুদ্রার তুলনায় স্বর্ণ কিছুটা সস্তা হয়ে উঠেছে, যা বিনিয়োগ বাড়াতে সহায়তা করছে।

মারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালির অনিশ্চয়তা বাজারে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছে। তার মতে, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনার আলোচনা শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেললেও স্বর্ণের দামে উত্থান অব্যাহত রয়েছে।

এদিকে বিশ্ববাজারে এই ঊর্ধ্বগতির প্রভাব পড়তে পারে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সাধারণত দেশের বাজারেও তার প্রভাব পড়ে। ফলে স্বর্ণের নতুন দাম শিগগিরই সমন্বয় করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন