নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৫ থেকে ১০ এপ্রিল কর্মসূচির ঘোষণা।
নতুন পে স্কেল চালুর দাবিতে দেশজুড়ে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। আগামী ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১ এপ্রিল) সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ অষ্টম পে স্কেল ২০১৫ সালে বাস্তবায়নের পর দীর্ঘ সময় পার হলেও নতুন কোনো পে স্কেল ঘোষণা হয়নি। এ সময়ে জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের প্রকৃত আয় কমে গেছে বলে দাবি করা হয়।
সংগঠনের নেতারা মনে করেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দ্রুত নবম পে স্কেল ঘোষণা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে এ খাতে আলাদা বরাদ্দ রাখার আহ্বানও জানানো হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি জেলা শহরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা/সরকার প্রধানের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপর ১০ এপ্রিল উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শান্তিপূর্ণ আলোচনা সভা ও প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছে সংগঠনটি।
মতামত দিন