জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকায় ফুটপাত উচ্ছেদে সতর্ক অবস্থান ডিএমপির, নোটিশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে এখনই কঠোর অবস্থানে যাচ্ছে না ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। তবে আগেভাগে নোটিশ দেওয়ার পরও নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল জানিয়েছেন, শুরুতে সতর্ক করা হচ্ছে, তবে নিয়ম ভাঙলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১ এপ্রিল) সকালে ফার্মগেট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। সেখানে পুলিশ সদস্যদের নেতৃত্বে ফুটপাত ও সড়কের অংশ দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভাসমান চা দোকান ও অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠানও সরিয়ে দেওয়া হয়।

একইদিন মগবাজার ও কাকলি সড়কেও অভিযান চালানো হয়। সেখানে একাধিক অস্থায়ী দোকান ভেঙে ফেলা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানি আগেই সরে যান। কয়েকজনকে তাৎক্ষণিকভাবে জরিমানাও করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ফুটপাত দখলমুক্ত রাখতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়েছেন, জীবিকার প্রয়োজনেই তারা ফুটপাতে ব্যবসা চালাচ্ছিলেন। তারা সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

মতামত দিন