আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের ইঙ্গিত সেতুমন্ত্রীর।
চলতি ঈদযাত্রার অভিজ্ঞতা সামনে রেখে ভবিষ্যতে সড়ক ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কারের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (১ এপ্রিল) সকালে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে থেকে মাদানি অ্যাভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এবারের ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার সময় সড়কে চাপ আরও বেশি থাকবে। তার ভাষায়, একদিকে যেমন প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়ে, অন্যদিকে কোরবানির সময় প্রায় এক কোটি পশু রাজধানীতে প্রবেশ করে—যা পুরো পরিবহন ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে।
তিনি আরও বলেন, সড়ক ব্যবস্থাপনা কার্যকর করতে পরিবেশবান্ধব উদ্যোগও জরুরি। এ কারণে বৃক্ষরোপণ কর্মসূচিকে সরকারের অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে।
এদিকে, দেশের উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও উন্নত করতে যমুনা নদীর ওপর নতুন আরেকটি সেতু নির্মাণের সম্ভাবনাও সরকার বিবেচনা করছে বলে জানান মন্ত্রী।

মতামত দিন