ইরান ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (১ এপ্রিল) রাত ৯টায় (ইস্টার্ন টাইম) হোয়াইট হাউস থেকে তিনি বক্তব্য রাখবেন, যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় প্রচারিত হবে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইরানকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দেশবাসীকে অবহিত করতেই এই ভাষণের আয়োজন।
এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, চলমান সামরিক অভিযান হয়তো দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
তবে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এখনো অস্থির। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই সংঘাত ধীরে ধীরে বিস্তৃত হয়ে পুরো মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলছে। বিভিন্ন স্থানে ড্রোন হামলা, তেলবাহী জাহাজে আঘাত এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে উত্তেজনা বাড়ছেই।
সংঘাতের শুরুর দিকেই হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইরান, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলেছে। বর্তমানে সীমিত পরিসরে জাহাজ চলাচল অনুমোদিত থাকায় আন্তর্জাতিক বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।
এ অবস্থায় ট্রাম্পের ঘোষিত ভাষণকে ঘিরে আন্তর্জাতিক মহলে বাড়ছে কৌতূহল—বিশেষ করে প্রণালি পুনরায় খুলে দেওয়া বা যুদ্ধের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে কোনো ঘোষণা আসে কি না, সেদিকে নজর সবার।
সূত্র : সিএনএন

মতামত দিন