সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার আল-রিফা এলাকার একটি খামারে এ ঘটনা ঘটে।
দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোনকে সফলভাবে প্রতিহত করে। তবে সেটি ধ্বংস হওয়ার পর এর অংশবিশেষ নিচে পড়ে গেলে সেখানে কর্মরত ওই বাংলাদেশি প্রাণ হারান।
ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে।
এদিকে কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে বলেছে, এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর বা যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধু সরকারি মাধ্যম অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী আপডেট জানানো হবে।

মতামত দিন