আসছে বাজেটে বাড়ছে সিগারেটের দাম, শুল্ক কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত।
আগামী জাতীয় বাজেটে সিগারেটের দাম বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে তামাকজাত পণ্যের শুল্ক কাঠামো আরও যৌক্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন অর্থবছরে রাজস্ব কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনা হবে।
তিনি জানান, সীমিত পরিসরে উত্তরাধিকার কর চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০২৭-২৮ অর্থবছর থেকে উচ্চ আয়ের করদাতাদের জন্য আয়করের সর্বোচ্চ হার ৫ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ করার চিন্তা করছে সরকার।
করদাতার সংখ্যা বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, এক দশক আগে টিআইএনধারীর সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ। বিভিন্ন সেবা নিতে টিআইএন বাধ্যতামূলক করায় এখন এই সংখ্যা অনেক বেড়েছে। চলতি বছরে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করায় এ প্রবণতা আরও ত্বরান্বিত হয়েছে।
রিটার্ন জমা দেওয়ার সময়সীমা নিয়েও নতুন ভাবনা রয়েছে বলে জানান তিনি। প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় প্রান্তিকে জমা দিলে তা নিয়মিত হিসেবে ধরা হবে। তবে তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে দাখিলকারীদের ক্ষেত্রে অতিরিক্ত কর আরোপের প্রস্তাব বিবেচনায় আছে।

মতামত দিন