অর্থনীতি
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্ববাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও দেশে আপাতত জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনছে না সরকার। মাসিক সমন্বয় বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় মঙ্গলবার (৩১ মার্চ) এ সিদ্ধান্ত জানায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকাই বহাল থাকবে। আগামী ১ এপ্রিল থেকে এই হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে একদিন আগেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, আন্তর্জাতিক বাজার বিবেচনায় দাম সমন্বয় করা হতে পারে। তবে শেষ পর্যন্ত সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে দাম অপরিবর্তিত রাখার পথেই হেঁটেছে সরকার।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে বর্তমানে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। মজুতে থাকা জ্বালানি দিয়ে চাহিদা মেটানো সম্ভব হবে বলেও তারা আশ্বস্ত করেছেন। পাশাপাশি এপ্রিল মাসের জন্য বড় পরিমাণ ডিজেল আমদানির প্রস্তুতিও নেওয়া হয়েছে।

অন্যদিকে জ্বালানি ব্যবহার কমাতে কিছু বিকল্প উদ্যোগও ভাবা হচ্ছে। এর মধ্যে অফিস সময়সীমা কমানো, সাপ্তাহিক ছুটি বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়গুলো আলোচনায় রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে জ্বালানি ব্যবহারে চাপ কিছুটা কমানো সম্ভব হবে।

মতামত দিন