অপরাধ
ছবি: সংগৃহীত

সরকারি খাদ্যবান্ধব চাল পাচারের অভিযোগে হবিগঞ্জের ছাত্রদল নেতা কারাগারে।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অভিযোগে হবিগঞ্জের লাখাই উপজেলায় এক ডিলারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত জাকারিয়া চৌধুরী রতন স্থানীয়ভাবে রাজনৈতিক পরিচিতিও বহন করেন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, লাখাই উপজেলার করাব ইউনিয়নের ওএমএস ডিলার হিসেবে দায়িত্ব পালন করছিলেন রতন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি চাল বিতরণে অনিয়ম করে আসছিলেন, যা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল।

ঘটনার সূত্রপাত রোববার (২৯ মার্চ) বিকেলে। সে সময় তিন বস্তা সরকারি চাল নিয়ে হবিগঞ্জ শহরের দিকে যাওয়ার পথে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে আরও চাল সরিয়ে নেওয়ার তথ্য দেন তিনি।

এর ভিত্তিতে রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৩ বস্তা চাল উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ১৬ বস্তা সরকারি চাল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে তাকে লাখাই থানায় সোপর্দ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, সরকারি চাল আত্মসাৎ ও পাচারের অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মতামত দিন