জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীর স্কুল সময়ের যানজট কমাতে বিকল্প ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে তৈরি হওয়া যানজট কমাতে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৈঠকে রাজধানীর বিভিন্ন স্কুল এলাকায় প্রতিদিনের যানজটের পরিস্থিতি, এর কারণ এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে স্কুল শুরুর ও ছুটির সময় শিক্ষার্থীদের যাতায়াত ঘিরে সড়কে যে চাপ তৈরি হয়, তা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত একটি বাস্তবসম্মত প্রস্তাব তৈরি করে উপস্থাপন করতে বলা হয়েছে। এতে বিকল্প সময়সূচি, যাতায়াত ব্যবস্থাপনা এবং স্কুলভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

বৈঠকে একটি উদাহরণও তুলে ধরা হয়, যেখানে একটি স্কুলে দেড়শ শিক্ষার্থীর বিপরীতে প্রায় শতাধিক ব্যক্তিগত গাড়ি একসঙ্গে প্রবেশ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে আশপাশের সড়কে দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হয়।

বৈঠকের পর জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানানো হয়।

মতামত দিন