টিকা সংকটে ঝুঁকিতে শিশু স্বাস্থ্য, বাড়ছে হামসহ বিভিন্ন রোগের প্রকোপ।
দেশের শিশুদের জন্য নিয়মিত টিকাদান কর্মসূচিতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে বলে জানা গেছে। প্রতি বছর জন্ম নেওয়া ৪০ লাখের বেশি শিশুকে ১২টি রোগ প্রতিরোধে নয় ধরনের টিকা দেওয়া হয়।
জানা গেছে, হাম-রুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া-ধনুষ্টংকার এবং হেপাটাইটিস–বি টিকার মতো গুরুত্বপূর্ণ কয়েকটির মজুত ফুরিয়ে গেছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কিছু টিকা এখনো মাঠ পর্যায়ে রয়েছে।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান (ওপি) বাতিল হওয়ায় টিকা ব্যবস্থাপনায় জটিলতা দেখা দেয়। এতে সরবরাহ ব্যবস্থায় ধীরগতি তৈরি হয় এবং বিভিন্ন এলাকায় শিশুদের টিকা প্রাপ্তিতে ঘাটতি দেখা দেয়।
পরিস্থিতি মোকাবিলায় পরে প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় টিকা কেনার জন্য, যার মধ্যে ৮৪২ কোটি টাকা শুধু শিশুদের টিকার জন্য নির্ধারণ করা হয়। তবে সরাসরি ক্রয় ও টেন্ডার—দুই পদ্ধতির সমন্বয়ে কেনার সিদ্ধান্ত বাস্তবায়নে সময়ক্ষেপণ হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান জানান, আগে ইউনিসেফের মাধ্যমে সরাসরি টিকা কেনা হতো। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে অর্ধেক ইউনিসেফ ও অর্ধেক টেন্ডারের মাধ্যমে কেনার পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবায়নে জটিলতা তৈরি হয়।
তিনি আরও বলেন, বিকল্প ব্যবস্থা না থাকায় বর্তমান সংকট তৈরি হয়েছে। এখন আবারও সরাসরি ক্রয়ের মাধ্যমে টিকা সংগ্রহের চিন্তা করা হচ্ছে, যাতে দ্রুত সরবরাহ বাড়ানো যায়।
এদিকে দেশে হামের প্রকোপ বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মতামত দিন