জ্বালানি সংকটে স্কুলে অনলাইন-অফলাইন ক্লাসের মিশ্র ব্যবস্থার কথা ভাবছে সরকার।
শিক্ষা ব্যবস্থায় নতুন মডেল আনার বিষয়টি সামনে এনেছে সরকার। জ্বালানি সংকটসহ বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্কুল পর্যায়ে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত ব্যবস্থা চালুর চিন্তা চলছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ সংক্রান্ত প্রস্তাব আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।
তিনি বলেন, চলমান পরিস্থিতিতে পাঠদানের ঘাটতি পূরণে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি সংকট, যানজট ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বিকল্প শিক্ষাপদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এক জরিপে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি ডিজিটাল শিক্ষায় গেলে শিক্ষার্থীদের সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে—এ বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা থাকলেও কলেজ পর্যায়ে তা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আলাদা কাঠামো থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
এছাড়া বড় শহরগুলোতে পরিবহন ও জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থার কথাও ভাবছে সরকার। এর মধ্যে বৈদ্যুতিক বাস, মেট্রোরেল ব্যবহার বৃদ্ধি এবং সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার ধারণাও আলোচনায় রয়েছে।
মতামত দিন