অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের মজুত দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার টন।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারে চলমান অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে, একদিনেই বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, ৩০ মার্চ সারাদেশে পরিচালিত অভিযানে মোট ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এর মধ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন রয়েছে। পাশাপাশি দেশে বর্তমানে জ্বালানি তেলের মোট মজুত প্রায় ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন, যা পরিস্থিতিকে স্থিতিশীল রাখছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে নিয়মিত আমদানির মাধ্যমে সরবরাহ অব্যাহত রয়েছে এবং হজ মৌসুম সামনে রেখে জেট ফুয়েল ব্যবস্থাপনায় আলাদা পরিকল্পনা নেওয়া হচ্ছে।

অভিযানের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, এ পর্যন্ত সারাদেশে ৩ হাজারের বেশি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে এক হাজারের বেশি মামলা এবং জরিমানা আদায় করা হয়েছে, পাশাপাশি কয়েকজনকে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

অন্যদিকে ফিলিং স্টেশন পর্যায়ে নজরদারি জোরদারে সরকার নতুনভাবে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগে শত শত কর্মকর্তা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন, যাতে জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

মতামত দিন