আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দুই হাজার পাউন্ড ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের ইসফাহান শহরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে ইসফাহান এলাকায় ওই বিস্ফোরণ ঘটে বলে মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, একের পর এক বিস্ফোরণের পর বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে, রাতের আকাশ কমলা রঙে রূপ নেয়।

তবে ভিডিওটি নিয়ে ট্রাম্প কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। এতে ঘটনার প্রকৃত উৎস ও পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে, ইসফাহানে গোলাবারুদের একটি ডিপো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে অংশ নিয়েছে।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, ওই স্থাপনায় দুই হাজার পাউন্ড ওজনের “বাঙ্কার বাস্টার” বোমা ব্যবহার করা হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি এমন সময় সামনে এলো, যখন এর একদিন আগেই ট্রাম্প ইরানের জ্বালানি ও অবকাঠামো লক্ষ্য করে নতুন হামলার ইঙ্গিত দিয়েছিলেন। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মতামত দিন