রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ রাখার পরামর্শ।
রাজধানীতে ফিলিং স্টেশনগুলোর কার্যক্রম রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (৩১ মার্চ) মগবাজারে জ্বালানি তেল সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনায় এই প্রস্তাব তুলে ধরা হয়।
ব্যবসায়ীরা জানান, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না পাওয়ায় পাম্প পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ লোড না পাওয়ায় পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে এবং এতে আর্থিক ক্ষতি হচ্ছে।
এ কারণে তারা চেম্বার পূর্ণ করে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান, যাতে পরিবহন খরচ কমে এবং সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা আসে।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—বাস্তব পরিস্থিতি অনুযায়ী ক্রেতাদের সচেতন করা, পাম্পে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা, বিক্রির নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা এবং উপজেলা ও জেলা পর্যায়ে নিরাপত্তা জোরদার করা।
এছাড়া ট্যাংকলরির ধারণক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খরচ বৃদ্ধির দায় একতরফাভাবে পাম্প মালিকদের ওপর না চাপানোর বিষয়েও জোর দেওয়া হয়।
আলোচনায় সংগঠনটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এসব দাবি উপস্থাপন করেন।

মতামত দিন