চাঁদপুরে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে ভর্তি ২৩ শিশু; তিনজনের মৃত্যু।
জেলায় হামের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ দেখা দিয়েছে চাঁদপুরে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে আক্রান্ত ২৩ শিশুকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানান জেলা সিভিল সার্জন নূরে আলম দ্বীন। তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে জেলার সব হাসপাতালকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, সদর জেনারেল হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে। এছাড়া হাজীগঞ্জ ও মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কয়েকজন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল ঘুরে দেখা গেছে, জ্বর, কাশি ও সর্দির মতো উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন রোগী আসছে। আক্রান্তদের অন্য রোগীদের থেকে আলাদা রাখতে আইসোলেশন ব্যবস্থা করা হলেও শয্যার সংকট দেখা দিয়েছে।
চিকিৎসকদের ভাষ্য, হামে আক্রান্ত হলে শিশুর শরীরে ফুসকুড়ি, জ্বর ও চোখ লাল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। এ ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর সংখ্যা বাড়ার কারণে চাপ তৈরি হয়েছে। গুরুতর অবস্থার কয়েকজন শিশুকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে পাঠানো হয়েছে।
মতামত দিন