গণভোটের পক্ষে ফেসবুক পোস্টের এক ঘণ্টার মধ্যেই ছাত্রদল নেতাকে বহিষ্কার।
গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসানকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে তার সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে রাকিবুল হাসান তার ফেসবুক আইডি থেকে গণভোট নিয়ে একটি মন্তব্য পোস্ট করেন। এরপর অল্প সময়ের মধ্যেই বিষয়টি দলীয় পর্যায়ে প্রতিক্রিয়া তৈরি করে।
পরবর্তীতে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে দ্রুত তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা রাকিবুল হাসান দাবি করেন, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে স্কুল জীবন থেকেই যুক্ত। জুলাই মাসের আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি মাত্র পোস্টের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, যা তিনি অন্যায় মনে করছেন এবং এ বিষয়ে ন্যায়বিচার চান।
মতামত দিন