খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

তরুণদের নিজ নিজ দক্ষতার খেলা পেশা হিসেবে নিতে পারবেন: প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেট থেকে আগামী ৩০ এপ্রিল ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের যাত্রা শুরু হবে। পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া ভাতা ও ক্রীড়াকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা এখন আর শুধু বিনোদন বা শখের বিষয় নয়, বরং অনেক দেশে এটি একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অন্যান্য পেশার মতোই স্পোর্টসকেও ক্যারিয়ার হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীরা যেসব খেলায় দক্ষ বা আগ্রহী, সেগুলোকে তারা পেশা হিসেবে নিতে পারবেন—এমন পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য।

খেলোয়াড়দের আর্থিক অনিশ্চয়তা দূর করার কথা উল্লেখ করে তিনি জানান, একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় ক্রীড়াবিদদের জন্য সম্মানী কাঠামো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা নির্বাচনের আগেই প্রতিশ্রুতি হিসেবে দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর এই প্রথম ক্রীড়াবিদদের জন্য আনুষ্ঠানিকভাবে একটি সম্মানী কাঠামো চালু করা হলো।

তিনি আরও জানান, ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাকেও সমান গুরুত্ব দেওয়া হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও খেলাধুলার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, সিলেট থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ প্রাথমিকভাবে সাতটি খেলা অন্তর্ভুক্ত থাকবে। ধাপে ধাপে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করার পরিকল্পনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য বয়ে আনবে এবং দেশের মর্যাদা বৃদ্ধি করবে।

মতামত দিন