ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে চলবে আলোচনা।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক সোমবার (৩০ মার্চ) বিকেলে পুনরায় শুরু হয়েছে।
এর আগে দুপুরে অধিবেশনটি বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি করা হয়।
গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, এই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।
এছাড়া প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
উল্লেখ্য, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। সংসদীয় রীতি অনুযায়ী, প্রথম অধিবেশনের শুরুতে সেই ভাষণের ওপর সাধারণ আলোচনা হয় এবং শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।
মতামত দিন