নিজ কক্ষে বিরোধী নেতার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিনী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা শেষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জানাজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর উভয় নেতা সংসদ ভবনের ভেতরে প্রধানমন্ত্রীর কক্ষে যান এবং সেখানে কিছু সময় আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জানাজার পর প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে প্রবেশ করেন এবং সেখানে কিছুক্ষণ আলাপ-আলোচনা হয়।
প্রায় ১৭ থেকে ১৮ মিনিট আলোচনা শেষে দুজনই একসঙ্গে কক্ষ থেকে বের হয়ে আসেন। পরে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার নিজ কক্ষ পর্যন্ত এগিয়ে দেন।
এ সময় বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
মতামত দিন