মার্কিন নৌবাহিনীর রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’কে পলাতক ঘোষণা করল ইরান।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধমূলক অবস্থান আরও জোরালো করার দাবি করেছে ইরান। দেশটির ভাষ্য অনুযায়ী, ইসরাইল-নিয়ন্ত্রিত অঞ্চল এবং উপসাগরীয় এলাকায় অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, এসব হামলার চাপের কারণে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ আরব সাগর থেকে অনেক দূরে সরে যেতে বাধ্য হয়েছে। তাদের মতে, এটি ইরানের সামরিক চাপেরই ফল।
একজন ইরানি নৌ-কমান্ডার জানিয়েছেন, মার্কিন বাহিনীকে লক্ষ্য করে প্রতিশোধমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে এবং তারা উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আওতায় আসার অপেক্ষায় রয়েছে।
এছাড়া ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি বলেছেন, যদি ওই রণতরী ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে প্রবেশ করে, তাহলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি সমুদ্রভিত্তিক বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও উল্লেখ করেন।
অন্যদিকে, ইরানি গণমাধ্যম দাবি করেছে যে এর আগে ভারত মহাসাগরে একটি যৌথ মহড়া শেষে ফেরার পথে ‘আইআরআইএস ডেনা’ নামের একটি ফ্রিগেট শ্রীলঙ্কা উপকূলে মার্কিন হামলায় ডুবে যায়। ওই ঘটনায় বহু নাবিক নিহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই।

মতামত দিন