পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা, সিলেট, রাজশাহীসহ পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনের জন্য তাদের মেয়র প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে।
রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম প্রকাশ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা উত্তরে প্রার্থী হয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। অন্যদিকে রাজশাহীতে মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, সিলেটে মহানগর আহ্বায়ক আব্দুর রহমান আফজাল এবং কুমিল্লায় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হওয়ার বিষয়ে তাদের মধ্যে সন্দেহ রয়েছে। তবে ধাপে ধাপে দেশের অন্যান্য সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের প্রার্থীদের নামও ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ৫টি দাবি তুলে ধরেছে এনসিপি। দলের সদস্য সচিব আখতার হোসেন এসব দাবি তুলে ধরে বলেন, আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ের নির্বাচন সম্পন্ন করতে হবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে— উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা; প্রশাসক নিয়োগ বন্ধ রাখা; প্রশাসকের দায়িত্বে থাকা অবস্থায় কাউকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া; দলীয় প্রতীকের বাইরে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা; এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা।
মতামত দিন