যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালী ব্যবহার করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ২০টি তেলবাহী ট্যাংকার পাঠাচ্ছে।
স্থানীয় সময় রোববার ওয়াশিংটনের পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, এসব জাহাজ সোমবার সকাল থেকেই যাত্রা শুরু করবে বলে তাকে জানানো হয়েছে।
তার ভাষায়, “আজ তারা আমাদের ২০টি বড় তেলবাহী জাহাজ দিয়েছে—এটা শ্রদ্ধার নিদর্শন কি না জানি না, তবে এই জাহাজগুলো পাঠানো হচ্ছে।”
তিনি আরও দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচক অবস্থায় রয়েছে এবং একটি সম্ভাব্য চুক্তির দিকেই অগ্রগতি হচ্ছে।
ট্রাম্প বলেন, “আমি মনে করি খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে, যদিও নিশ্চিত নয়।”
তিনি জানান, ওয়াশিংটন বর্তমানে তেহরানের সঙ্গে সরাসরি ও পরোক্ষ—দুই ধরনের যোগাযোগই চালিয়ে যাচ্ছে। আলোচনায় অগ্রগতির বিষয়েও তিনি আশাবাদী মন্তব্য করেন।
এ সময় সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প ইঙ্গিত দেন যে যুক্তরাষ্ট্রের সামনে একাধিক বিকল্প খোলা রয়েছে, তবে বিস্তারিত কিছু বলেননি।
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছিল, যেকোনো যুদ্ধবিরতি বা সমঝোতা তাদের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ীই হতে হবে।
এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
মতামত দিন