আইআরজিসি নৌবাহিনীর প্রধান তাংসিরির মৃত্যু, শহীদ ঘোষণা করল ইরান।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি-এর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সোমবার এক বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক সামরিক অভিযানে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।
আইআরজিসির দাবি, শত্রুপক্ষের বিরুদ্ধে পাল্টা হামলার পর উপকূলীয় প্রতিরক্ষা জোরদারের সময় তিনি আহত হন। বিশেষ করে দ্বীপ ও উপকূল ঘিরে প্রতিরক্ষা কার্যক্রমে তার সরাসরি সম্পৃক্ততা ছিল।
বিবৃতিতে তাংসিরিকে একজন ‘নিবেদিতপ্রাণ কমান্ডার’ হিসেবে উল্লেখ করে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে দেশের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।
একইসঙ্গে আইআরজিসি দাবি করেছে, সাম্প্রতিক অভিযানে শত্রুপক্ষের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে এবং একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
তাংসিরির মৃত্যুর পরও সামরিক তৎপরতা থেমে নেই বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখা হচ্ছে।
বিবৃতির শেষাংশে আইআরজিসি জানায়, অতীতের মতো ভবিষ্যতেও তাদের অভিযান চলবে এবং আঞ্চলিক লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না।
মতামত দিন