৩১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-ভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা।
গ্রাহকদের কাছ থেকে অর্ডার নিয়ে পণ্য সরবরাহ না করে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-ভ্যালির স্বত্বাধিকারী মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে নতুন করে মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি।
সোমবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১০ কোটি ১৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাতের অভিযোগে গত ২৯ মার্চ ঢাকার কাফরুল থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের শেষ পর্যন্ত ই-ভ্যালি ডটকম লিমিটেডের মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রির নামে বিপুল সংখ্যক গ্রাহকের কাছ থেকে অর্ডার নেওয়া হয়। তবে নির্ধারিত সময় পার হলেও অধিকাংশ ক্ষেত্রে পণ্য সরবরাহ করা হয়নি।
শুধু গ্রাহকই নয়, বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠান থেকেও পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করে সেই অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বারবার নতুন ডেলিভারির তারিখ দিয়ে গ্রাহকদের আশ্বস্ত করা হলেও শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।
সিআইডির তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থ দিয়ে আসামিরা বিলাসবহুল জীবনযাপন করেছেন। এর মধ্যে রয়েছে দামী গাড়ি ক্রয়, সম্পদ গড়ে তোলা এবং বিদেশ ভ্রমণ।
প্রাথমিক অনুসন্ধানে আরও জানা গেছে, এই প্রতারণার শিকার হয়েছেন হাজার হাজার গ্রাহক ও ব্যবসায়ী। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করা এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মতামত দিন