বিনোদন
ছবি: সংগৃহীত

শুটিং সেটেই মর্মান্তিক মৃত্যু টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের।

নিজেস্ব প্রতিবেদক:

শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ-উড়িষ্যা সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে এই দুর্ঘটনা ঘটে।

ইউনিট সূত্রে জানা যায়, একটি ধারাবাহিকের দৃশ্য ধারণের সময় সহ-অভিনেত্রীর সঙ্গে পানিতে নেমেছিলেন তিনি। প্রথমে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পর হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানির দিকে চলে যান। মুহূর্তের মধ্যেই তিনি ডুবে যেতে শুরু করেন।

সেটে থাকা সহকর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা চালান। স্থানীয় নৌকার সহায়তায় তাকে পানি থেকে তোলা হলেও তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল। দ্রুত দিঘা মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিচালক শুভাশিস মণ্ডল জানান, শুটিংয়ের সময় পানির গভীরতা খুব বেশি ছিল না। তবে হঠাৎ পরিস্থিতি বদলে যাওয়ায় সবাই হতবাক হয়ে পড়েন। তিনি বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত অভিনেতা সচেতন ছিলেন বলেও ধারণা করা হচ্ছে।

মাত্র ৪২ বছর বয়সে এই অকাল মৃত্যুতে শোক নেমে এসেছে টালিউড অঙ্গনে। সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই ঘটনার সঠিক কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি—সব মাধ্যমে সমানভাবে কাজ করেছেন রাহুল। সাম্প্রতিক সময়ে একটি ধারাবাহিক ও ওয়েব কনটেন্টে তার উপস্থিতি দর্শকদের কাছে প্রশংসিত হচ্ছিল।

মতামত দিন