৯ এপ্রিল দুই আসনে ভোট, বগুড়া-৬ ও শেরপুর-৩ এলাকায় সাধারণ ছুটি ঘোষণা।
আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
সোমবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, একই দিনে এই দুই সংসদীয় আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন মনে করছে, কর্মজীবী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় ছুটি রাখা জরুরি। এতে করে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন।
এ কারণে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সব ধরনের অফিস-প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণার সুপারিশ করা হয়েছে। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
ভোটার উপস্থিতি বাড়ানো এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মতামত দিন