ফুয়েল কার্ড নিতে ভোর থেকেই লাইনে গ্রাহকরা।
চুয়াডাঙ্গায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা আনতে নতুন পদ্ধতি হিসেবে ‘ফুয়েল কার্ড’ চালু করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হতেই গ্রাহকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
ভোর থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দীর্ঘ লাইন গড়ে ওঠে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় অনেককে।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত কাগজপত্র জমা দিয়েই এই কার্ড সংগ্রহ করতে হচ্ছে। এরপর আগামী ১ এপ্রিল থেকে শুধু কার্ডধারী যানবাহনই জ্বালানি তেল নিতে পারবে।
জেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে তেল বিক্রির ব্যবস্থাও করা হয়েছে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ২২টি পাম্পে তেল দেওয়া হবে। তবে কৃষিকাজের জন্য ব্যবহৃত ডিজেলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না—সেটি আগের মতোই সার্বক্ষণিক পাওয়া যাবে।
প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, এই ব্যবস্থার ফলে তেল সরবরাহে বিশৃঙ্খলা কমবে এবং অনিয়ম বা কালোবাজারি নিয়ন্ত্রণে আনা সহজ হবে।

মতামত দিন