মোংলায় তেল সংকটের মধ্যে অভিযান, ১২ হাজার লিটার ডিজেল জব্দ।
বাগেরহাটের মোংলায় জ্বালানি তেল নিয়ে সংকট ও অস্থিরতার মধ্যে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে যৌথবাহিনী। বিভিন্ন এলাকায় পেট্রোল, অকটেন ও ডিজেলের ঘাটতির অভিযোগের মধ্যেই এ অভিযান পরিচালিত হয়।
শনিবার (২৮ মার্চ) গভীর রাতে মোংলার দ্বিগরাজ এলাকার একটি ডিপোতে অভিযান চালায় কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং স্থানীয় প্রশাসনের একটি যৌথ দল।
অভিযানকালে যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের একটি প্রতিষ্ঠানের তিনটি ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেল পাওয়া যায়। নথিপত্র যাচাই ও পরিমাপ শেষে সেখানে অতিরিক্তভাবে মজুত রাখা ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকার বেশি বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সংকটের সময় তেল মজুত করে বাজারে কৃত্রিম চাপ সৃষ্টি করা হচ্ছিল। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
রোববার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, উদ্ধার করা তেল জব্দ করে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিষয়টি তত্ত্বাবধান করছে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ।

মতামত দিন