জ্বালানি সংকট মোকাবিলায় উত্তরবঙ্গের ৮ জেলায় তেল সরবরাহ শুরু।
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন তাদের ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি শেষ করেছে। জেলহাজতে থাকা শ্রমিকদের মুক্তির বিষয়ে প্রশাসনের আশ্বাস পাওয়ার ১০ ঘণ্টা পর রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সন্ধ্যায় আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে পার্বতীপুর উপজেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় আটক শ্রমিকদের বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলে কর্মসূচি প্রত্যাহারের দিকে যায় শ্রমিকরা।
পরিস্থিতি স্বাভাবিক করার সিদ্ধান্তের পর ধীরে ধীরে জ্বালানি তেল পরিবহন কার্যক্রম আবার চালু হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সভায় পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মাহমুদ হুসাইন রাজু, পার্বতীপুর মডেল থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ এবং রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।
শ্রমিক নেতাদের দাবি ছিল, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানার শিকার হওয়া তিন শ্রমিককে দ্রুত মুক্তি দিতে হবে। এই দাবির প্রেক্ষিতেই সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতি আলোচনার মাধ্যমে শেষ হয়।
উল্লেখ্য, সকালে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটে। পরে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতিও এই কর্মসূচির সঙ্গে সংহতি জানায়।
দীর্ঘ আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক করার সিদ্ধান্তে ফিরলে জ্বালানি সরবরাহ আবার চালু হওয়ার পথ খুলে যায়।
মতামত দিন