আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

খাদ্য সংকটে সুনামগঞ্জে ১০ জনের মৃত্যু, পরে ভূমধ্যসাগরে লাশ ফেলার অভিযোগ।

নিজেস্ব প্রতিবেদক:

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে বড় ধরনের দুর্ঘটনায় অন্তত ১৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তারা সাগরে আটকে ছিলেন বলে জানা গেছে।

উদ্ধার হওয়া ও জীবিতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দালালের মাধ্যমে রাবারের নৌকায় করে যাত্রা শুরু করেছিলেন তারা। কিন্তু মাঝপথে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং টানা কয়েক দিন সাগরে ভাসতে থাকে।

এই সময় পর্যাপ্ত খাবার ও পানির অভাবে অনেকেই দুর্বল হয়ে পড়েন। পরে একে একে মৃত্যু ঘটে বলে জানিয়েছেন বেঁচে ফেরা কয়েকজন। তাদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মৃতদেহ সাগরে ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে।

ঘটনার পর জীবিতদের গ্রিসের একটি অভিবাসন ক্যাম্পে রাখা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১০ জনের পরিচয় সুনামগঞ্জ জেলার বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই, দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার বেশ কয়েকজন এই যাত্রায় ছিলেন। পরিবারগুলোর দাবি, দালালের সঙ্গে প্রায় ১২ লাখ টাকার চুক্তিতে তারা গত মাসে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করেন।

প্রথমদিকে কিছু টাকা পরিশোধ করা হলেও পরে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার গ্রিস থেকে খবর পাওয়ার পর পরিবারগুলো মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা ক্যাম্পে রয়েছেন।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ জানিয়েছে, বিভিন্ন সূত্রে খবরটি পাওয়া গেছে এবং নিহতদের পরিচয় ও পুরো ঘটনা যাচাই করা হচ্ছে।

মতামত দিন