কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার।
রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের হাতে আটকের পর কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে আগে থেকেই দায়ের করা দুটি মামলার ভিত্তিতেই তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করে দারুসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বলেন, বিদ্যমান মামলার প্রেক্ষিতেই ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বিকেলে মিরপুরের চিড়িয়াখানা সংলগ্ন এলাকায় তাকে ঘিরে ফেলেন একদল শিক্ষার্থী। তারা অভিযোগ করেন, বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও অতীতে ছাত্র আন্দোলনবিরোধী অবস্থানের কারণে তাকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীরা তাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে দ্রুত পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, আটকের পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের মাঝে তাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বর্তমানে তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন